এমপি আব্দুল গফুরের জরুরি বিবৃতিঃ
সম্প্রতি স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খণ্ডিত ও সম্পাদিত ভিডিও ক্লিপ প্রচার করা হয়েছে, যেখানে ৭৬ কুষ্টিয়া-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আব্দুল গফুরের ভাই জনাব আব্দুল মান্নানের একটি কথোপকথনের আংশিক অংশ ব্যবহার করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি দুঃখজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হচ্ছে।
উল্লেখ্য, জননেতা জনাব আব্দুল গফুর নির্বাচিত হওয়ার পূর্বেই তাঁর নির্বাচনী এলাকার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কাঁচা সড়ক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেন। তাঁর আন্তরিক প্রচেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় তদবিরের ফলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক এসব সড়কের টেন্ডার অনুমোদিত হয়। এর ধারাবাহিকতায় সরকারি নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কালিতলা থেকে নিমতলা সড়ক (অঞ্জনগাছি হয়ে) নির্মাণকাজ শুরু হয়। রাস্তাটি দীর্ঘ প্রায় ২০ বছর সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছিলো।
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানই উক্ত সড়কের নির্মাণকাজের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। তবে দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল এ প্রকল্পকে কেন্দ্র করে অবৈধ সুবিধা গ্রহণের চেষ্টা করে এবং একপর্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত একটি ইটবাহী ট্রলি কাজে বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা চালানোর জন্য আটকে দেয় এবং ট্রলি ড্রাইভারকে মারধর করে। উল্লেখ্য, উক্ত ট্রলিটি স্থানীয় ইটভাটা ব্যবসায়ী আব্দুল মান্নানের মালিকানাধীন।
পরবর্তীতে ড্রাইভার ও ট্রলিটি উদ্ধারের উদ্দেশ্যে আব্দুল মান্নান ঘটনাস্থলে উপস্থিত হলে স্বার্থান্বেষী ওই মহল তাঁর প্রতি বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে, যার প্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এই ঘটনাটির একটি অতি ক্ষুদ্র অংশের ভিডিও ধারণ করে তা কাটছাঁট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে প্রকৃত ঘটনাপ্রবাহকে আড়াল করে ভিন্ন একটি বিভ্রান্তিকর ধারণা তৈরি করা যায়।
এখানে উল্লেখযোগ্য যে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে এই স্বার্থান্বেষী মহল জননেতা জনাব আব্দুল গফুরের বিপক্ষে সক্রিয়ভাবে কাজ করেছে। জননেতা আব্দুল গফুরের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ ঐ গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, উক্ত ঘটনার সঙ্গে ৭৬ কুষ্টিয়া-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আব্দুল গফুরের নূন্যতম কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তবুও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাঁর সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর ও আংশিক তথ্যের ভিত্তিতে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে এবং প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল গফুর।

