ভেড়ামারায় নেশার টাকার জন্য হাঁড়িপাতিল চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে দিলো জনতা

আইন ও অপরাধ কুষ্টিয়া কুষ্টিয়া জুড়ে স্থানীয় খবর
শেয়ার করুন

ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে বাসাবাড়ির হাঁড়িপাতিল চুরি করার সময় আজম নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় উত্তেজিত জনতা।

শুক্রবার উপজেলার গোলাপনগর ফকিরাবাদ গ্রামে এই চুরির ঘটনা ঘটে। আটককৃত আজম একই এলাকার বাসিন্দা এবং সে দীর্ঘ দিন ধরে মাদকাশক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, এলাকাটিতে বেশ কিছুদিন ধরেই টুকটাক চুরি-চামারি বেড়ে গিয়েছিল। মাদকসেবীরা নেশার টাকা জোগাড় করতে সুযোগ পেলেই বাসাবাড়ির নানা গৃহস্থালি জিনিসপত্র চুরি করে নিয়ে যেত। শুক্রবার গোলাপনগর ফকিরাবাদ গ্রামের এক বাড়িতে হাঁড়িপাতিল চুরি করে পালানোর চেষ্টা করার সময় স্থানীয় উৎসুক জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে।

পরবর্তীতে উপস্থিতি জনতা তাকে গণধোলাই দেয় এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশকে অবহিত করা হয়। চুরির বিষয়টি স্বীকার করে আটক আজম জানায়, প্রধানত মাদকের টাকা জোগাড় করার জন্যই সে এই চুরির পথ বেছে নিয়েছিল।

এলাকাবাসীর দাবি, এলাকায় মাদকের বিস্তার ব্যাপক হারে বেড়ে যাওয়ার কারণেই এসব চুরির মতো অপরাধ প্রতিনিয়ত ঘটছে। দ্রুত সময়ের মধ্যে গোলাপনগরসহ পুরো ভেড়ামারায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *