মিরপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও দীর্ঘ দেড়শ বছরের পুরোনো মিরপুর রেলওয়ে স্টেশনটি কেবল একজন ‘স্টেশন মাস্টার’-এর পদ শূন্য থাকার কারণে আজ বন্ধ ঘোষিত হওয়ার তালিকায়! একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনের এমন করুণ দশায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে এই স্টেশনটি দীর্ঘদিন ধরে অত্র অঞ্চলের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সেবা দিয়ে আসছে। অথচ সামান্য জনবল সংকট বা শুধুমাত্র একজন স্টেশন মাস্টারের অভাবে এত বড় এবং পুরোনো একটি স্টেশন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।
স্টেশন রক্ষায় স্থানীয়দের মাঝে এক ধরনের প্রতিবাদী আবেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রখ্যাত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ঐতিহাসিক কাব্যনাটক ‘নূরলদীনের সারাজীবন’-এর বিখ্যাত পঙ্ক্তি “জাগো বাহে কোনঠে সবায়”-এর আদলে মিরপুরের সুধীসমাজ ও সাধারণ জনগণ আক্ষেপের সুরে বলে উঠেছেন—“জাগো বাহে মিরপুর উপজেলাবাসী জাগো, কোনঠে সবায়!”
স্থানীয়দের দাবি, মিরপুর রেলওয়ে স্টেশনটি শুধু একটি ইটের স্থাপনাই নয়, এটি এই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান লাইফলাইন এবং শত বছরের ঐতিহ্যের অংশ। দ্রুততম সময়ের মধ্যে শূন্য পদে স্টেশন মাস্টার নিয়োগ দিয়ে স্টেশনটির কার্যক্রম সচল রাখার জন্য রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন মিরপুরবাসী।
অবিলম্বে স্টেশন মাস্টারের শূন্য পদ পূরণ করে এই ঐতিহ্যবাহী স্টেশনটির পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় চালু না করা হলে, স্টেশন রক্ষায় সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি গড়ে তোলার কথা ভাবছেন স্থানীয়রা।

