দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে মাঠের ভেতরের রাস্তার পাশের একটি মাচান থেকে সামিরুল ইসলাম (৫৫) নামের এক প্রৌঢ়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা মরদেহটি সেখানে ফেলে রেখে পালিয়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নিহত সামিরুল ইসলাম (৫৫) স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে তাঁকে হত্যা করে বা মরদেহ এখানে ফেলে গেছে—তার কোনো কূলকিনারা এখনো মেলেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আদাবাড়িয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মাঠের ভেতর রাস্তার পাশের একটি মাচানে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় কৃষকেরা। কাছে গিয়ে তারা মরদেহটি সামিরুল ইসলামের বলে শনাক্ত করেন। খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে দৌলতপুর থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। কে বা কারা তাঁকে এনে এখানে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। দ্রুত তদন্ত করে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার নেপথ্যে থাকা কারণ জানতে ও জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তদন্ত শুরু করা হয়েছে।

