দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে থামছেই না অপরাধ চিত্র। আবারও এক নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সামিরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি। দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে নিথর দেহ ফাঁকা মাঠের রাস্তার পাশের একটি মাচানে ফেলে রেখে পালিয়ে গেছে।
নিহত সামিরুল ইসলাম (৫৫) দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মাঠের ভেতর ফাঁকা জায়গায় রাস্তার পাশে একটি মাচানে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষক ও পথচারীরা। পরে জানা যায় মরদেহটি তেকালা গ্রামের সামিরুল ইসলামের। শত্রুতার জেরে নাকি অন্য কোনো উদ্দেশ্যে তাঁকে শ্বাসরোধ বা আঘাত করে হত্যা করা হয়েছে—তা নিয়ে এলাকায় তুমুল গুঞ্জন তৈরি হয়েছে।
পরপর হত্যাকাণ্ডের মতো সহিংস ঘটনায় পুরো দৌলতপুর উপজেলায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, দৌলতপুরে অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। ফাঁকা মাঠে মরদেহ ফেলে যাওয়ার এই ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি তুলেছেন এলাকাবাসী।
ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের আলামত সংগ্রহ ও সুরতহাল সম্পন্ন করে। পুলিশ জানিয়েছে, এটি একটি স্পষ্ট হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উদ্ঘাটন, সুনির্দিষ্ট কারণ সনাক্তকরণ এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম জোর তৎপরতা শুরু করেছে।

