তিতাস (কুমিল্লা): স্কুল ছুটি শেষে দরজায় দাঁড়িয়ে থাকা বাবাকে দেখে আনন্দে ছুটে আসছিল ছোট্ট আলিফ। কিন্তু বাবার কাছে পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির নসিমনের নিচে পড়ে পিষ্ট হয়ে করুণ মৃত্যু হয়েছে তার।
বুধবার দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি (পূর্বপাড়া) এলাকায় উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ (৭) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছেলে এবং উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর আলিফের বাবা তাকে নিতে স্কুলের সামনে এসে দাঁড়ান। বাবাকে দেখতে পেয়ে অবুঝ শিশু আলিফ আনন্দে দৌড়ে তার দিকে যেতে শুরু করে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ঘাতক নসিমন তাকে সজোরে ধাক্কা দেয় এবং চাকার নিচে পিষ্ট করে।
ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।
চোখের সামনে প্রিয় সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা দেলোয়ার হোসেন। এই ঘটনায় পুরো উলুকান্দি গ্রাম ও বিদ্যালয় প্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের মাঝে ছড়িয়ে পড়েছে চরম স্তব্ধতা।
ঘটনার পরপরই নসিমনটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালানো হচ্ছে।

