কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) কোর্ট প্রাঙ্গণের ঐতিহ্যবাহী পুকুরে গোসল করতে নেমে আনুমানিক ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে নিখোঁজ যুবককে উদ্ধারে তাত্ক্ষণিক অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ও উদ্ধারকারী দল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই যুবক ডিসি কোর্ট প্রাঙ্গণের পুকুরে গোসল করার জন্য নামেন। সাতার কাটার একপর্যায়ে তিনি হঠাৎ পানিতে তলিয়ে যান এবং আর উপরে উঠে আসতে পারেননি। আশপাশে থাকা পথচারী ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত উদ্ধারের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। বর্তমানে ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরিরা পুকুরের বিভিন্ন স্থানে উদ্ধার কাজ ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।
ঘটনার পরপরই ডিসি কোর্ট প্রাঙ্গণ ও পুকুর পাড়ে হাজারো উৎসুক জনতার ভিড় জমে যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

